Showing posts with label manna de. Show all posts
Showing posts with label manna de. Show all posts

Monday, June 7, 2021

প্রগতো হে রাগ কেদারঃ সৌরাষ্ট্র গীতি ও মান্না দে


মান্না দে এক অপার বিস্ময়। এক আলোকজ্জ্বল সুরেলা সফরের সমনামী।

১৯৪২ সালে 'তমান্না' সিনেমায় 'জাগো আঈ ঊষা' গানে সুরাইয়ার সাথে ডুয়েটে কাকা কৃষ্ণচন্দ্র দে'র হাত ধরে প্রথম যাত্রা শুরু। ২০০৬  সালে 'উমর'-এ সুরকার সমীর ট্যাণ্ডনের পরিচালনায় কাওয়ালিতে 'দুনিয়াওয়ালো কো নহী কুছ খবর'-এ সেই সুরেলা বৃত্তের পরিপূর্ণতা। 

সিনেমায় প্লে ব্যাক থামলেও, অন্যান্য এক্সপেরিমেন্ট  থেকে কখনই সরে আসেননি মান্না। জীবনের শেষ সময় পর্যন্ত বহাল থেকেছে সেই ধারা। কতই কিছুই না গড়েছেন, ভেঙেছেন...ভাঙতে ভাঙতে গড়েছেন এক অন্য পৃথিবীর সুরালোক।

ছ'দশকের বেশি দীর্ঘ সময়। এর মাঝখানে না জানি কতই না ইতিহাস। শুধুই বলিউড বা টলিউডে নয়, 'আঞ্চলিক' সুরবীক্ষায় সমৃদ্ধ হয়েছে তাঁর পথচলা। 

হিন্দি ও বাংলার পাশাপাশি অসংখ্য গান গেয়েছেন কন্নড়, তামিল, মালয়ালাম, অহমিয়া, উর্দু, সিন্ধি বা পঞ্জাবি, মৈথিলী, গুজরাটির মত একাধিক ভাষায়। যে প্রদেশে যেমন করে যতবার তিনি লাগিয়েছেন সুর, ততবার জ্বলে উঠেছে 'আলো', নতুন করে লেখা হয়েছে ইতিহাস। কিন্তু বাংলা বা হিন্দির আড়ালে মান্নার সেই 'ভারতদর্শনে'র কথা কতটুকুই বা জানি আমরা। প্রশ্ন রয়ে গেছে আজও। 

১৯৭৪ সালে রিলিজ করেছিল গুজরাটি চলচ্চিত্র 'কুনওয়ার বাইনু মামেরু'। পরিচালনায় রবীন্দ্র দাভে (১৯১৯-১৯৯২)। সংগীত পরিচালনায় গুজরাটের 'শচীন দেব বর্মণ' অবিনাশ ব্যাস (১৯১২-১৯৮৪)। পঞ্চদশ শতাব্দীর মহাকবি সন্ত নরসিংহ মেহতার 'বায়োপিক' এই ছবি অসামান্য জনপ্রিয়তা অর্জন করেছিল। বিশেষ করে ছায়াছবির গানগুলি সেই সময় আলোড়ন ফেলেছিল গুজরাটে৷ বলে রাখা ভালো, এই নরসিংহ দাসজি মেহতার রচনা 'বৈষ্ণব জন কো' ছিল মহাত্মা গান্ধীর অন্যতম প্রিয় ভজন। 

'মাইহার' ঘরানার প্রবর্তক উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের ছাত্র অবিনাশ ব্যাস নরসিংহ মেহতার একাধিক রচনায় সুর দিয়ে তাকে অমরত্ব দেন। সিনেমায় ছটি গানে কণ্ঠ দিয়েছিলেন মান্না দে-সহ মহেন্দ্র কাপুর ও সুমন কল্যাণপুরের মত শিল্পীরা।

এর মধ্যে কেদার রাগে 'প্রগতো হে রাগ কেদার' গেয়ে গোটা সৌরাষ্ট্রে সাড়া ফেলেছিলেন কৃষ্ণচন্দ্র দে সহ ভিণ্ডিবাজার ঘরানার পথিকৃৎ উস্তাদ আমান আলী খান এবং দাবির খাঁ সাহেবের সুযোগ্য ছাত্র প্রবোধ চন্দ্র, ওরফে মান্না দে। আজও গুজরাটে বিভিন্ন সাংস্কৃতিক আচার অনুষ্ঠান, আধ্যাত্মিক বা সাঙ্গীতিক সমাবেশে গাওয়া হয়ে থাকে এই গান। 

কেদার রাগের এমন বিন্যাস, সম্মোহন মান্না দে বলেই হয়তো সম্ভব। তিনি এক অপার বিস্ময়। যার ক্ষয় নেই। আছে শুধু মুগ্ধতা। মান্না-র চরাচরব্যাপী সুরেলা সাম্রাজ্যের অশ্রুত 'দাস্তানে'।